খালেদা জিয়ার নামে টিটিসির নামকরণ প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যমান প্রতিষ্ঠানের নাম বদল নয়, নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণের নির্দেশ; প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন হয়নি।

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নামকরণের একটি প্রস্তাব পাঠায়। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী ওই প্রস্তাব অনুমোদন করেননি।

সূত্র জানায়, বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নতুন নামকরণের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে নামকরণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের পাঠানো নোটে তিনি মন্তব্য করেন, যদি নতুন নামকরণ করতেই হয়, তাহলে নতুন প্রতিষ্ঠান গড়ে সেই নাম দেওয়া উচিত।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিভিন্ন সময় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারি স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের যে প্রবণতা দেখা যায়, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত তার ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় প্রতিষ্ঠিত হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানটি কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে আসছে।

এদিকে এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্যমতে, মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, দেশে থেকেই বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে কার্যকর সমাধান বের করা সম্ভব।

সংশ্লিষ্ট মহলের মতে, সাম্প্রতিক এসব সিদ্ধান্তে সরকারি ব্যয় সাশ্রয়, প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা রক্ষা এবং নতুন উদ্যোগকে উৎসাহিত করার বার্তা প্রতিফলিত হয়েছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com