অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, “এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন সংকট মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন। এ নতুন দায়িত্বে আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”
এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
ভোটাভুটিতে তিনি ৯৯টি দেশের সমর্থন লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট।
এই নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বসছেন বাংলাদেশের একজন প্রতিনিধি।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ই তিনি এই আন্তর্জাতিক দায়িত্ব পালন করেন।
কূটনৈতিক মহলে ড. খলিলুর রহমানের এই বিজয়কে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান ও গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী হবে।
