ইউএনজিএ সভাপতি নির্বাচিত খলিলুর রহমানকে চীনের অভিনন্দন

বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন উল্লেখ করে নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বেইজিংয়ের।

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে চীন।

মঙ্গলবার (২ জুন) ঢাকাস্থ চীনা দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে দেশের গঠনমূলক ভূমিকার স্বীকৃতি বহন করে।

চীন আশা প্রকাশ করেছে, ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি-নির্বাচিত ড. খলিলুর রহমান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রসমূহের সার্বভৌম সমতা সমুন্নত রাখা, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা এবং সংলাপ ও পরামর্শের মাধ্যমে বহুপাক্ষিক ব্যবস্থার ভিত্তি আরও শক্তিশালী করতে কাজ করবেন।

চীনা দূতাবাসের বার্তায় আরও বলা হয়, নতুন দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানকে সফলভাবে নেতৃত্ব দিতে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত রয়েছে চীন।

উল্লেখ্য, মঙ্গলবার জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট।

এই বিজয়ের মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের একজন প্রতিনিধি নির্বাচিত হলেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ড. খলিলুর রহমানের এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা, গ্রহণযোগ্যতা এবং বহুপাক্ষিক কূটনীতিতে দেশের সক্রিয় ভূমিকার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com