অর্থনীতি বার্তা | স্পোর্টস ডেস্ক
ফলটা প্রত্যাশিতই ছিল। তবে মিরপুরে বাংলাদেশের ২১৭ রানের জয়ে কিছুটা অবাক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশি অধিনায়কের অবাক হওয়ার বিষয়টি ছিল মিরপুরের উইকেটের আচরণ।
দ্বিতীয় টেস্টের ফল শেষ দিনে আসবে, সেটা শান্ত আশা করেননি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাঁহাতি ব্যাটার বলেন,
“অবশ্যই ভালো লাগছে। তবে সত্যি বলতে আমরাও আশা করিনি। পাঁচ দিন কষ্ট করে এই ইনিংসে ১০টা উইকেট নেওয়া হলো। এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, এবং আমরা প্রত্যেকে খুব উপভোগ করেছি এই টেস্ট ম্যাচটি।”
পরিসংখ্যানও শান্তের কথার প্রতিধ্বনি দিচ্ছে।
এই টেস্টের আগে মিরপুরে পাঁচ দিনে ফল এসেছে আজ থেকে তিন বছর আগে। ২০২২ সালের সেই টেস্টে ১০ উইকেটের জয় পেয়েছিল শ্রীলঙ্কা। মধ্যবর্তী ৫টি টেস্ট চার দিনেই শেষ হয়েছে।
তবে এ টেস্ট জিতে বাংলাদেশ আয়ারল্যান্ডকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছে।
পঞ্চম দিনে মিরপুর টেস্টে যাওয়ায় আয়ারল্যান্ডের পারফরম্যান্সও প্রশংসা করেছেন শান্ত। তিনি বলেন,
“এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আমার মনে হয় ছোট দল বা বড় দল বলে আসলে কিছু নেই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে।”
