অর্থনীতি বার্তা | আন্তর্জাতিক ডেস্ক
ক্ষমতা হারানোর দুই বছর পর গ্রেপ্তার হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। শনিবার (২২ নভেম্বর) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেশটির পুলিশ জানিয়েছে, বলসোনারোর নামে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা সুপ্রিম কোর্ট অনুমোদন করেছেন। সমালোচকরা বলছেন, তদন্তের পর তার গ্রেপ্তার ছিল সময়ের ব্যাপার মাত্র। খবরটি প্রথম প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, কিছুদিন আগে বলসোনারোর ছেলে, সিনেটর ফ্লাভিও বলসোনারো, সাবেক প্রেসিডেন্টের বাড়ির সামনে সমাবেশ করেন। এরপরই বলসোনারোর গ্রেপ্তারি পরোয়ানার প্রক্রিয়া এগোতে থাকে।
এর আগে ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে অনীহা দেখান বলসোনারো। অভিযোগ আছে, তখন তিনি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন। এ মামলায় চলতি বছরের শুরুতে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ, যার মধ্যে চারজন রায় দেন।
তদন্তে বলা হয়েছে, বলসোনারো সশস্ত্র অপরাধী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। এই নেটওয়ার্কের লক্ষ্য ছিল জোরপূর্বক গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলা। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকদের সরকারি ভবনে হামলার অভিযোগ আরও জোরদার করে।
তবে বলসোনারো অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
