অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
দেশের নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাতে প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি আয়োজন করেছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)। এতে অংশ নিয়েছে ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান।
এবারের প্রদর্শনীর তিনটি প্রধান শিরোনাম — ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ, এবং ৭ম ওয়াটার বাংলাদেশ এক্সপো।
৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়নে সাজানো এই প্রদর্শনীতে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন এইচবিআরআই মহাপরিচালক ইঞ্জিনিয়ার ড. মো. গিয়াসউদ্দিন হায়দার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম.এ. কামাল বিল্লাহ, ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মুস্তাফিজুর রহমান, এবং জিআইজেড বাংলাদেশের প্রকল্প প্রধান মো. তানভীর মাসুদ।
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা, এসএসজিসহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের নতুন প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করছে।
এবারের এক্সপোর অন্যতম আকর্ষণ ‘আর্কিটেকচার অব রেজিলিয়েন্স’ প্রদর্শনী, যেখানে ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য ডিজাইনগুলো প্রথমবার ডিজিটালি প্রদর্শিত হচ্ছে।
সেমস-গ্লোবাল ও জিআইজেড বাংলাদেশ যৌথভাবে আয়োজন করছে দিনব্যাপী সম্মেলন ‘ইনোভেশন অ্যান্ড পার্টনারশিপ ফর সাসটেইনেবল এনার্জি ট্রানজিশন’, যেখানে নবায়নযোগ্য শক্তি ও সবুজ প্রযুক্তি নিয়ে চারটি সেশন অনুষ্ঠিত হবে।
১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে সেমস-গ্লোবাল বিশ্বের বিভিন্ন দেশে ৭৬০টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করেছে।
