অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সব স্টেশন, ট্রেন ও স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বুধবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, দেশে সাম্প্রতিক কিছু অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার প্রেক্ষিতে রেলওয়ের রেললাইন, রেলসেতু, রেলওয়ে স্টেশন, ট্রেনসহ সব স্থাপনায় কোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সতর্কতা গ্রহণ করা জরুরি।
এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশকে অতিরিক্ত সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় মনে করছে, এই বাড়তি সতর্কতা রেল যোগাযোগব্যবস্থাকে দুর্ঘটনা, অগ্নিসংযোগ ও নাশকতা থেকে রক্ষা করতে সহায়ক হবে।
