আরও পাঁচ বছর ঢাকা ক্যাপিটালসের মালিকানায় শাকিব খান

0 comments

অর্থনীতি বার্তা | স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে আত্মপ্রকাশ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন মেগাস্টার শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে তার দল শিরোপা জিততে না পারলেও, গ্যালারিতে শাকিবের সরব উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মধ্যে এক অভূতপূর্ব মেলবন্ধন তৈরি করেছিল।

বিপিএলে দলের মালিকানার নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত হয়ে ফিরবে। ঢাকাই সিনেমার এই ‘কিং খান’ তার কথা রেখেছেন।

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ১২তম আসরের জন্য বিসিবি ইতোমধ্যে দলগুলোর মালিকানা ঘোষণা করেছে। ‘টিম ঢাকা’-এর অংশগ্রহণের কথা শোনা গেলেও, শাকিব খান এবারও মালিকানায় থাকবেন কিনা তা নিয়ে কিছুটা সংশয় ছিল।

তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেছে, এবারও ‘হট ফেভারিট’ তালিকার শীর্ষে থাকা ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান এবং তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস।

এ বিষয়ে শাকিব খানের সরাসরি কোনো মন্তব্য পাওয়া না গেলেও, একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি, বিসিবি সূত্র থেকে জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

গেল আসরে সাতটি দল অংশ নিলেও, এবার দলের সংখ্যা কমে পাঁচে দাঁড়িয়েছে। অংশগ্রহণকারী দলগুলো হলো: ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। খুলনা এবং বরিশাল এবারের আসর থেকে বাদ পড়েছে।

আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান, সেগুলো হলো: ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ) এবং সিলেট (ক্রিকেট উইথ সামি)।

টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর, আর ফাইনাল খেলা হবে ১৬ জানুয়ারি।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com