ক্রীড়া ডেস্ক | অর্থনীতি বার্তা
২০২৬ ফিফা বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ হালনাগাদ বিশ্ব র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে সেলেসাওরা।
বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষে প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে ফ্রান্স এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় স্পেন এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।
মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করলেও র্যাঙ্কিংয়ে লাভবান হয়েছে ব্রাজিল। ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের ফলে পয়েন্ট হারিয়ে পর্তুগাল পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমে যাওয়ায় ব্রাজিল উঠে এসেছে পাঁচ নম্বরে। একইসঙ্গে ব্রাজিলের বিপক্ষে ড্র করে মরক্কোও এক ধাপ উন্নতি করে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে।
শীর্ষ দশের তালিকায় আরও কিছু পরিবর্তন এসেছে। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, আর বেলজিয়াম নেমে গেছে দশম স্থানে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থান ধরে রেখেছে।
তবে র্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন হয়নি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক নম্বর অবস্থান বজায় রেখেছে। আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর দলটির পয়েন্ট বেড়ে ১৮৮৯.০৬ হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স তাদের খুব কাছাকাছি অবস্থান করছে।
এদিকে উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে কলম্বিয়া ১১তম স্থানে উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকো এখন ১৩ নম্বরে অবস্থান করছে। ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে ১৪তম স্থানে নেমে গেছে।
প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়ে যুক্তরাষ্ট্র দুই ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছে। জাপান এক ধাপ উন্নতি করে ১৭তম স্থানে রয়েছে। এছাড়া ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে ৪৩তম স্থানে উঠে এসেছে।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে র্যাঙ্কিংয়ে এই উন্নতি ব্রাজিল দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এখন হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নেইমারদের।
