স্পোর্টস ডেস্ক | অর্থনীতি বার্তা
আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার গ্রুপ ‘জে’-এর ম্যাচে প্রথমার্ধেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে ভিএআর। ম্যাচের ৩০তম মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস।
ঘটনার সূত্রপাত হয় লাউতারো মার্তিনেজের একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসার পর। ফিরতি বলে হেড করার চেষ্টা করেন আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস সেনেসি। সে সময় জর্ডানের নিজার আল-রাশদানের উঁচু পা সেনেসির মুখে আঘাত করে।
প্রথমে খেলা চলতে দিলেও পরে ভিএআরের পরামর্শে মনিটরে রিপ্লে দেখে স্পট কিকের নির্দেশ দেন রেফারি কোভাকস।
পেনাল্টি নিতে এসে কোনো ভুল করেননি লাউতারো মার্তিনেজ। নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন তিনি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপের মঞ্চে লাউতারোর প্রথম গোল।
এর আগে ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক দারুণ দক্ষতায় জালে জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো।
দুটি গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
