অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকা থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে পতেঙ্গা কোস্ট গার্ড আউটপোস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৬ হাজার ২০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত ‘বিয়া সাইগন লেগার’ ভিয়েতনামের উৎপাদিত একটি বিদেশি বিয়ার।
পরবর্তীতে উদ্ধারকৃত বিয়ার, জব্দ করা আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদীবন্দর এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
