চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য উন্নয়নে অর্থমন্ত্রীর সঙ্গে চেম্বারের গুরুত্বপূর্ণ বৈঠক

কাস্টমস আধুনিকায়ন, ভ্যাট কাঠামো সংস্কার, ঋণের সুদ কমানো ও বে-টার্মিনাল উন্নয়ন নিয়ে আলোচনা; ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস অর্থমন্ত্রীর।

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বে চেম্বারের পরিচালকমণ্ডলী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

শুক্রবার (২৯ মে) বিকেল ৫টায় চট্টগ্রামের মেহেদিবাগে মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম সহজীকরণ, ব্যবসায়ীদের ভোগান্তি কমানো, ওভারব্রিজ, ওয়েব্রিজ, বন্দরসেবা, ট্যারিফ কাঠামো এবং বাণিজ্যবান্ধব পরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ফ্ল্যাট রেটে ভ্যাট আদায়ের প্রস্তাবও উত্থাপন করেন চেম্বার নেতারা।

চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, আমদানিকারক ও রপ্তানিকারকদের সেবা সহজ করতে কাস্টমসে আন্তর্জাতিক মানের একটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া নিজস্ব অর্থায়নে স্ক্যানার মেশিন প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়।

বৈঠকে ব্যাংক ঋণের সুদের হার হ্রাস, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা এবং শিল্পকারখানার কাঁচামালের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়েও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন চেম্বার নেতারা।

চট্টগ্রাম চেম্বারের নেতারা উল্লেখ করেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রচেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য জমি বরাদ্দ দিয়েছিলেন এবং পরবর্তীতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় চট্টগ্রাম চেম্বার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও নীতি-সহায়ক কার্যক্রমে ভবিষ্যতেও সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করে।

জবাবে অর্থমন্ত্রী ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি আবুধাবি ও দুবাইয়ের আদলে বে-টার্মিনালে তিনটি আধুনিক টার্মিনাল নির্মাণ এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে চট্টগ্রাম চেম্বারের ২৪ জন পরিচালক ছাড়াও ইউনাইটেড বিজনেস ফোরামের নেতা এম এ সালাম ও মোহাম্মদ তানভীর উপস্থিত ছিলেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com