অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
“নতুন বাংলাদেশ গড়ার পথে বড় পদক্ষেপ” — অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে। এ আদেশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষর করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই গেজেট জারি করা হয়। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন,
“২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থান জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে। এবার সেই অভিপ্রায় বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাচ্ছি।”
গেজেট আদেশে বলা হয়েছে, ওই গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট ২০২৪ তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যা জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন বিষয়ে ছয়টি কমিশন গঠন করে। এসব কমিশনের প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করা হয়।
এ সনদে অংশ নেয় গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোট, যারা সম্মিলিতভাবে সংস্কারের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে।
আদেশে বলা হয়েছে, সনদ বাস্তবায়নের জন্য জনগণের অনুমোদন প্রয়োজন — এজন্য সরকার গণভোট আয়োজন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং তার মাধ্যমে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করবে।
ভাষণে অধ্যাপক ইউনূস আরও বলেন,
“১৩৩ শিশু, শত শত তরুণ-তরুণী, নারী-পুরুষের আত্মত্যাগ বৃথা যাবে না। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ।”
তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে একটি উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের পথে এগিয়ে আসবে।
“আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি,” — বলেন তিনি।
