অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি এবং কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।
দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মোশাররফ হোসেন। তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
মিরসরাই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তার ছেলে সাবেদুর রহমান সুমু জানান, বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায়ও একটি জানাজা অনুষ্ঠিত হবে, তবে স্থান ও সময় পরে জানানো হবে।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। ১৯৬৬ সালে লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এবং ছয় দফা আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন।
১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
