সংস্কার ইস্যুতে বড় দলগুলোর দূরত্ব কমাতে ৯ দলের বৈঠক

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব কমাতে বৈঠক করেছে ৯টি রাজনৈতিক দল।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল—গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও ভাসানী জনশক্তি পার্টি।

বৈঠকের পর গণতন্ত্র মঞ্চভুক্ত ছয় দলের পক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম সাংবাদিকদের বলেন, কোন পথে সমাধান করা যায়, তা নিয়ে মতবিনিময়ের জন্য আজকে আমরা বসেছি। কিছু বিষয়ে আমরা কাছাকাছিও এসেছি। অন্য দলগুলোর সঙ্গে আমরা কথা বলা অব্যাহত রাখব। সংস্কার বাস্তবায়ন প্রশ্নে কাছাকাছি আসার চেষ্টা করব।

এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, একেক দল একেক ফর্মুলা প্রস্তাব করে সরকারের ওপর চাপ তৈরি করছে। সংস্কার নিয়ে সংকট সমাধানে আমরা অন্য দলগুলোর সঙ্গে কথা বলব।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে যেকোনো সংকট দূরীভূত করতে আজকে এ আলোচনা। সংস্কার নিয়ে সংকট যেন সুষ্ঠুভাবে সমাধান হয়, এ ব্যাপারে সরকারকে সাহসী ভূমিকা নিতে হবে।

বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দলের সঙ্গে ৯ দল আলোচনায় বসবে জানিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, রাজনৈতিক দলগুলো ন্যূনতম ঐকমত্যে এসে আমরা নির্বাচনের দিকে যেতে পারব বলে আশা করি।

এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন—গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মুখপাত্র ফারুক হাসান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া প্রমুখ।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com