অর্থনীতি বার্তা ডেস্ক
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্য একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান Adidas-এর সঙ্গে যৌথ উদ্যোগে আনা হয়েছে এসব বিশেষ সুবিধা।
বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই আপডেটগুলো যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন ফিচারের মধ্যে সবচেয়ে আলোচিত হলো বিশেষ ফুটবল অ্যানিমেশন। এখন ব্যবহারকারীরা চ্যাটে ফুটবল ইমোজি পাঠালে বা ফুটবল রিঅ্যাকশন ব্যবহার করলে স্ক্রিনে ত্রিমাত্রিক অ্যানিমেশনে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ভেসে উঠবে।
এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দলের জন্য তৈরি অফিসিয়াল ম্যাচ বল Trionda-এর ডিজিটাল সংস্করণ এই অ্যানিমেশনে ব্যবহার করা হয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা চ্যাটিংয়ের মধ্যেই ভিন্ন ধরনের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
শুধু চ্যাট নয়, বন্ধুদের সঙ্গে গ্রুপ ভিডিও কলেও যুক্ত হয়েছে নতুন ফুটবলভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট। গোল উদযাপন, পেনাল্টি মিস কিংবা ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত প্রকাশের জন্য বিশেষ স্টিকার প্যাকও চালু করা হয়েছে।
বিশ্বকাপের সর্বশেষ তথ্য সহজে জানার জন্য হোয়াটসঅ্যাপ চালু করেছে বিশেষ ফুটবল ডিরেক্টরি। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রিয় দলের আপডেট, লাইভ স্কোর, ম্যাচের কাউন্টডাউন, ভিডিও হাইলাইটস এবং পর্দার আড়ালের এক্সক্লুসিভ তথ্য এক জায়গায় দেখতে পারবেন।
এছাড়া চ্যানেল পরিচালনাকারীরা এখন তাদের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রকাশ করতে পারবেন। একই সঙ্গে Meta AI ব্যবহার করে টুর্নামেন্টের পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং আশপাশে কোথায় বড় পর্দায় খেলা দেখা যাবে—সেসব তথ্যও দ্রুত জানা যাবে।
তবে নতুন এসব সুবিধা চালু হলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে Meta। কর্তৃপক্ষের দাবি, আগের মতোই সব ব্যক্তিগত চ্যাট, ছবি, ভিডিও ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বকাপকে ঘিরে কোটি কোটি ফুটবলপ্রেমীর অনলাইন অভিজ্ঞতাকে আরও ইন্টারঅ্যাকটিভ, সামাজিক এবং বিনোদনমুখী করতেই মেটার এই নতুন উদ্যোগ। ফুটবল জ্বরে যখন বিশ্ব মাতোয়ারা, তখন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে।
