অর্থনীতি বার্তা ডেস্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রফতানি বৃদ্ধি, কর্মীদের অধিকার সুরক্ষা এবং দুই দেশের মধ্যে শ্রমবাজার-সংক্রান্ত সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বৈদেশিক কর্মসংস্থানের গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে দক্ষ শ্রমিক প্রেরণ বৃদ্ধি, অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিত করা এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও জানান, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণের বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমন্বিত আলোচনা করা হবে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি, নতুন ভিসা বিধিনিষেধ এবং শ্রমবাজার সংকোচনের কারণে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে চাপ তৈরি হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতসহ গুরুত্বপূর্ণ শ্রমবাজারে নিয়োগ আগের তুলনায় ধীর হয়ে এসেছে।
এই প্রেক্ষাপটে মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প ও স্থিতিশীল শ্রমবাজার হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটিতে কয়েক লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন এবং তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, শ্রমবাজার সম্প্রসারণ ও দক্ষ জনশক্তি রফতানির ওপর জোর দেওয়া হলে বৈদেশিক আয় বাড়বে এবং দেশের রেমিট্যান্স প্রবাহ আরও স্থিতিশীল হবে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মালয়েশিয়া সফরটি শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ নয়; বরং এটি বাংলাদেশের শ্রমবাজার পুনর্গঠন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং অর্থনৈতিক কৌশলগত অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ।
