অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিশেষ অবদান রাখায় তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ‘দশম ব্র্যাক ব্যাংক–দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫’। শুক্রবার রাতে রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান।
যারা পেলেন সম্মাননা
এবারের আইসিটি অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে সাতটি সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে—
-
আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার: অগমেডিক্স বাংলাদেশ
-
ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার: দারাজ বাংলাদেশ লিমিটেড
-
আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার: প্রগতি সিস্টেমস লিমিটেডের উদ্যোগ ‘ট্যালিখাতা’
-
আইসিটি ওম্যান অব দ্য ইয়ার: ডিজিটাল প্রযুক্তি উদ্যোক্তা আম্বারীন রেজা
-
আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার: বিকাশ লিমিটেডের সিইও কামাল কাদীর
-
বিশেষ স্বীকৃতি (ডিজিটাল মোবিলিটি খাত): পাঠাও
-
আইসিটি পাইওনিয়ার অ্যাওয়ার্ড: বেসিসের সাবেক সভাপতি একেএম ফাহিম মাশরুর
আইসিটি খাতে উদ্ভাবন, উদ্যোক্তা কার্যক্রম এবং প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখায় বিজয়ীদের এই স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে স্মার্ট নেশন গড়তে বেসরকারি খাতের এসব উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
