অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। তবে তাকে প্রথমে প্রত্যর্পণ করা হবে—এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।
‘অফিশিয়াল কোনো তথ্য নেই’—পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,
“আসাদুজ্জামান খান কামালের বিষয়ে আমার কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই। আমরা জানি তিনি ভারতে আছেন, কিন্তু সেটি আমাদের কখনো লিখিতভাবে জানানো হয়নি। তাকে দিয়ে প্রত্যর্পণ শুরু হবে—এমন তথ্যও সরকারের কাছে নেই।”
প্রেস সচিবের আগের মন্তব্য
গত শুক্রবার (২৮ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইঙ্গিত দেন যে,
“ভারত খুব শিগগিরই আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে।”
তিনি আরও বলেন, প্রত্যর্পণের শুরুটা হতে পারে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে, এরপর শেখ হাসিনা বা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের ফেরত পাঠাতে পারে ভারত।
মামলা ও প্রত্যর্পণ প্রক্রিয়ার প্রেক্ষাপট
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য বাংলাদেশ হাইকমিশন দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক চিঠি পাঠায়।
তারও আগে, গত বছরের ডিসেম্বরে ভারতকে এ ধরনের আরেকটি চিঠি দেওয়া হয়েছিল।
এ বিষয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।
