অর্থনীতি বার্তা ডেস্ক
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ দেশটির রাষ্ট্রপতি ড. মোহাম্মদ ইউনুস আল-মেনফির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন।
শনিবার (১৩ জুন) ত্রিপোলিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন লিবিয়ার রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি।
বৈঠকে লিবিয়ার রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি আল-মেনফি বলেন, দুই দেশের অভিন্ন স্বার্থ সংরক্ষণ এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও সম্প্রসারণে লিবিয়া প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন।
তিনি বাংলাদেশ ও লিবিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি নাগরিক বর্তমানে লিবিয়ার উন্নয়ন ও পুনর্গঠন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশেষ করে অবকাঠামো নির্মাণ, সেবা খাত এবং স্বাস্থ্যসেবা খাতে তাদের ভূমিকা উল্লেখযোগ্য।
বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করা হয়। জাতিসংঘ, ওআইসি এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থার কাঠামোর আওতায় সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে লিবিয়ার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকের শেষে উভয়পক্ষ আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ-লিবিয়া সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও বহুমাত্রিক হবে এবং বর্ধিত সম্পৃক্ততা, উন্নত অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে।
