অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে ঘিরে বিরোধীদলের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করলে এ প্রতিষ্ঠানের প্রতি সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব।”
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-এর বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, “একজন সদস্য প্রেসিডেন্টকে নিয়ে অনেক কথা বলেছেন। প্রেসিডেন্টের প্রতি ব্যক্তিগত ভালোবাসা বড় বিষয় নয়—President is an institution, not a person।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “যে প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নিয়েছেন, তখন তো সেই প্রতিষ্ঠানের প্রতিই সম্মান দেখিয়েছেন। এখন বিরোধী দলে বসে কেন সেই সম্মান অস্বীকার করা হচ্ছে?”
অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “যেদিন শপথ গ্রহণ হয়েছে, তখন আপনারা সবাই সামনের সারিতে উপস্থিত ছিলেন। আমরা পেছনে বসেছিলাম। এখন এই ধরনের বক্তব্য মানানসই নয়।”
তিনি আরও বলেন, “সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্মান করতেই হবে। এখানে ব্যক্তির বিষয় নয়, প্রতিষ্ঠানের বিষয়—You have to respect the institution।”
সংসদে এ বক্তব্যের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন অর্থমন্ত্রী, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
