নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার নেপথ্যে আধিপত্যের দ্বন্দ্ব: ডিবি

0 comments

জাতীয় ডেস্ক | অনলাইন

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে নাইমুর হাসান টিটন (৫৭) আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “টিটন নিজেও একজন শীর্ষ সন্ত্রাসী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে।”

মামলার এজাহার প্রসঙ্গে তিনি জানান, মোহাম্মদপুরের বসিলার গরুর হাট নিয়ে দ্বন্দ্ব ছিল। এ ঘটনায় পিচ্চি হেলাল ও কাইল্লা বাদলসহ একাধিক ব্যক্তির নাম এসেছে। “বাদী যাদের নাম উল্লেখ করেছেন, আমরা তাদের বিষয়ে কাজ করছি,” বলেন তিনি।

সামনে ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটকে কেন্দ্র করে আরও সহিংসতার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, “আমরা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছি।”

বিদেশে অবস্থান করে হত্যার নির্দেশনা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।

এদিকে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর চার সদস্য গ্রেপ্তারের বিষয়ে তিনি জানান, তাদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উগ্রবাদ প্রসঙ্গে তিনি বলেন, “মাথাচাড়া দিচ্ছে—এমনটা বলব না। তবে যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের ভূমিকা সম্পর্কে তিনি আরও বলেন, “কোনো আসামিকে ধরে নাটক সাজানো পুলিশের কাজ নয়। অপরাধীদের আইনের আওতায় আনা—এটাই পুলিশের দায়িত্ব।”

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com