বিনিয়োগবান্ধব পরিবেশে সুদহার এক অঙ্কে নামানোর পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-এ বস্ত্র ও পোশাক খাতের চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে বিকেএমইএ এবং ইনফোচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেড।

মন্ত্রী বলেন, “১৩-১৪ শতাংশ সুদে অর্থায়ন নিয়ে টেক্সটাইলের মতো শ্রমঘন ও স্বল্প মুনাফার শিল্পের টিকে থাকা সম্ভব নয়। তাই শিল্পের স্বার্থেই সুদের হার কমানো হবে।”

তৈরি পোশাক খাতের প্রধান চ্যালেঞ্জ হিসেবে জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪ হাজার ৩০০ এমএমসিএফডি হলেও ঘাটতি রয়েছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ এমএমসিএফডি। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে, যেখানে বেসরকারি খাতকে নীতিগত ও লজিস্টিক সহায়তা দেওয়া হবে।

নতুন ব্যবসা শুরু সহজ করতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে ২৫-২৬টি লাইসেন্স নিতে দীর্ঘ সময় লাগে, যা বিনিয়োগে বাধা সৃষ্টি করে। এ সমস্যা সমাধানে দ্রুত প্রভিশনাল অনুমোদনের ব্যবস্থা চালু করা হবে।

এছাড়া কর ব্যবস্থা সহজীকরণে ডিজিটাল প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করদাতা ও কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ কমে এবং হয়রানি হ্রাস পায়।

প্রদর্শনীতে বাংলাদেশসহ কানাডা, চীন, জাপান, ভারত, তুরস্ক, ফ্রান্স ও ভিয়েতনামসহ ২৮টি দেশের প্রায় ৯০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ১ হাজার ২০০টি বুথে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়া বক্তব্য দেন প্রদর্শনীর আহ্বায়ক ফজলে শামীম এহসান এবং ইনফোচেইনের নির্বাহী পরিচালক স্পেনসার লিনসহ অন্যান্য উদ্যোক্তারা।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com