সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়লো, বোতলজাত ১৯৯ টাকা নির্ধারণ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকায় বিক্রি হবে। একইভাবে খোলা (লুজ) সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমদানিনির্ভর পণ্যে। সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর হওয়ায় এর মূল্যবৃদ্ধির চাপ দেশীয় বাজারেও এসেছে।

তিনি জানান, রমজান মাস থেকেই আমদানিকারক ও রিফাইনাররা মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় ও সংশ্লিষ্ট খরচ যাচাই করে তাদের দাবির আংশিক সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী বলেন, “এই মূল্য সমন্বয়ের ফলে একদিকে রিফাইনারদের লোকসান কমবে, অন্যদিকে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।”

তিনি আরও জানান, নতুন নির্ধারিত মূল্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি বাজারে খুচরা পর্যায়ে নতুন মূল্য বাস্তবায়ন নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা দাবি করেন, বর্তমান মূল্য কাঠামোতেও তাদের লোকসান হচ্ছে। আন্তর্জাতিক বাজারদর, পরিবহন ব্যয়, রিফাইনিং খরচসহ বিভিন্ন ধাপের ব্যয় বিবেচনায় এনে মূল্য নির্ধারণ করা হয় এবং এই প্রক্রিয়া স্বচ্ছ।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. আবদুর রহিম খান বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও চাপ তৈরি হয়েছে। আমদানিকারক ও রিফাইনারদের সঙ্গে একাধিক বৈঠকের পর এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com