অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করলেও সাংবাদিকদের এড়িয়ে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পদত্যাগের গুঞ্জনের মধ্যেই তার এই সাক্ষাৎ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকরা তার কাছে বৈঠকের তাৎপর্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে পাশ কাটিয়ে যান। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও তিনি প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
ওইদিন নির্বাচন কমিশনের উদ্যোগে মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে একটি সমন্বয়মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ে করণীয় নিয়ে ব্রিফ করেন সরকারের বিভিন্ন উপদেষ্টা।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ দুই উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন। তবে সাক্ষাৎ শেষে তারা কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
স্বরাষ্ট্র উপদেষ্টার নীরবতা এবং সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার ঘটনায় তার পদত্যাগ সংক্রান্ত গুঞ্জন আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও এ বিষয়ে সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
