কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস অভিমুখে বামপন্থিদের মিছিল, পুলিশের বাধা

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ওপর হামলার প্রতিবাদে ভারতের কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস অভিমুখে মিছিল করেছেন বামপন্থি দলগুলোর নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় মিছিলটি উপদূতাবাসের প্রায় ২০০ মিটার আগেই পুলিশ থামিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার কোনো চেষ্টা করেননি।

মিছিলে অংশ নেয় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিআই (এম), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), বিপ্লবী সমাজতন্ত্রী দল (এসএসপি), একতা দল এবং ফরোয়ার্ড ব্লক। বামপন্থি নেতারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। খবর বিবিসি বাংলার।

এ সময় সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম বলেন, “বাংলাদেশে যা ঘটছে, তা সেকুলার ডেমোক্রেসির ওপর সরাসরি আক্রমণ। মুক্ত চিন্তা ও স্বাধীনতার প্রতীক যেসব বিষয়, সেগুলো আক্রান্ত হচ্ছে। কার্যত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। আমরা এর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি।”

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক রাজনীতি ধ্বংসের দিকেই নিয়ে যায় এবং এই রাজনীতি বাংলাদেশ ও ভারত—উভয় দেশেই দেখা যাচ্ছে। “আমরা এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব,” বলেন তিনি।

এর আগে একই দিনে দুপুরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশনকে ঘিরে একদিনে ভিন্ন রাজনৈতিক অবস্থানের সংগঠনগুলোর কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ প্রশাসন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com