অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ফাঁকা রাখা হয়েছিল। এর মধ্যে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আসন সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দেয় বিএনপি।
দলীয় মনোনয়ন না পেলেও দীর্ঘদিন ধরেই এই আসনে আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। জোটগত সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হন। তবে মনোনয়ন না পেলেও নির্বাচনের মাঠ ছাড়ছেন না তিনি।
এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। সমঝোতার কারণে জোটকে ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করলে দলীয় কোনো কঠোর সিদ্ধান্তের মুখে পড়তে হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আশা করা যায়, সেটা আমার সঙ্গে হবে না।”
তিনি আরও বলেন, “মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবো। দুয়েকদিনের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করবো। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোন প্রতীক পাবো, সেটাও পরে দেখা যাবে।”
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আরেকটা কথা না বললেই নয়, আশা করি এই এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে।”
রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার রুমিন ফারহানার এই সিদ্ধান্ত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
