অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
দেশজুড়ে শীতের আমেজ বাড়ছে। দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। ইতোমধ্যে তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা আরও দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলেও তিনি জানান।
বর্তমানে উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া অফিসের পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে—
-
বুধবার (১২ নভেম্বর) পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
-
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে শনিবার (১৫ নভেম্বর) পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
