সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা
জনস্রোতের কারণে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের জ্যেষ্ঠ নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী সূর্যাস্তের আগে সেখানে উপস্থিত হওয়া সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ড. আব্দুল মঈন খান। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দিন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। পথে পথে লাখো মানুষ তাকে শুভেচ্ছা জানান। লাল-সবুজের একটি বাসে দাঁড়িয়ে তিনি হাত উঁচিয়ে জনতার অভিবাদন গ্রহণ করেন।

বিকাল সাড়ে ৪টার পর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে পৌঁছে তিনি প্রথমে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

২০০৬ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় পর আবারও তিনি জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সমাধি জিয়ারত শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন। তবে পথে জনতার স্রোত এতটাই ঘন হয়ে ওঠে যে তার গাড়িবহর অত্যন্ত ধীরগতিতে চলতে বাধ্য হয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান সপরিবারে স্বদেশে ফেরেন। সেদিন রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপির উদ্যোগে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। এরপর গুলশানের বাসভবনে ওঠেন তারেক রহমান।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com