অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানে বৈশ্বিক জঙ্গি সংগঠন আইএসআইএস-এর দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা তার নির্দেশনায় অত্যন্ত নিখুঁত ও জটিল একটি অভিযান সফলভাবে পরিচালনা করেছে।
ট্রাম্প দাবি করেন, “বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে চিরতরে নির্মূল করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, আইএসের বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিলেন আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন। তবে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো তার প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল।
এই সফল অভিযানের জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, দুই দেশের সামরিক অংশীদারিত্বের ফলেই এই বড় সাফল্য এসেছে।
বিশ্লেষকদের মতে, এই অভিযান এমন এক সময়ে পরিচালিত হলো যখন যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া-এর সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, নাইজেরিয়ায় খ্রিষ্টানরা নিপীড়নের শিকার হচ্ছে। যদিও নাইজেরিয়া সরকার সেই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
এর আগে গত বছরের বড়দিনে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামপন্থিদের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। তবে এবারের যৌথ অভিযানকে দুই দেশের সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: Reuters
