নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ময়ূরপঙ্খী বিজনেস, এন্টারপ্রেনার, কালচার ও লিডারশিপ সামিট–২০২৬’। সৃজনশীল সাহিত্য, গবেষণা ও কলাম লেখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার, লেখক ও নির্মাতা রিফাত মাহবুব সাকিব।
একই অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য খাতে তরুণ উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকী-কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় রিফাত মাহবুব সাকিব তরুণ প্রজন্মের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন,
“তারুণ্যই পরিবর্তনের মূল চালিকাশক্তি। তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে সৃজনশীল উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে। সঠিক গবেষণা ও সততা থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। আমি বিশ্বাস করি, আজকের তরুণ উদ্যোক্তারাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে।”
উল্লেখ্য, রিফাত মাহবুব সাকিব একাধারে একজন প্রথিতযশা লেখক, গবেষক, ব্যাংকার ও কলামিস্ট। পাশাপাশি তিনি ডকুমেন্টারি ও শর্ট ফিল্ম নির্মাতা হিসেবেও দীর্ঘদিন ধরে সমাজ সংস্কারে কাজ করে যাচ্ছেন।
ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সামিটে দেশের বিভিন্ন খাতের সফল ব্যক্তিত্ব, চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ব্যবসা, সংস্কৃতি ও নেতৃত্বের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
