নভেম্বরে ঢাকায় ১৭ ককটেল বিস্ফোরণ, ৯ যানবাহনে আগুন

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

চলতি নভেম্বর মাসের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাজধানীর ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা হয়েছে। এছাড়া গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ডিএমপি কমিশনার জানান,

“কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে পরিকল্পিতভাবে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন,

“১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং গত দুইদিনে ৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৭টি মামলা হয়েছে এবং ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

কমিশনার জানান, অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৪টি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনটির সদস্যরা। এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে তারা।
এ পর্যন্ত ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এসব মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণে যুক্ত ছিল।

তিনি বলেন,

“গ্রেপ্তারদের বেশিরভাগই ঢাকার বাইরের। তারা অর্থের বিনিময়ে ঢাকায় এসে এসব কর্মকাণ্ডে অংশ নেয়। সিসিটিভি বিশ্লেষণে দেখা গেছে, হেলমেট ও মাস্ক পরে তারা টার্গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। অনেক ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।”

রাজধানীবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন—

“অপরিচিত কাউকে যেন কেউ আশ্রয় না দেন। হোটেল বা মেসে বোর্ডার তুললে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখে তুলবেন। কোনো সন্দেহজনক চলাফেরা দেখলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় বা ৯৯৯-এ জানাবেন।”

তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিও আহ্বান জানান,

“যানবাহন অরক্ষিত অবস্থায় ফেলে রাখবেন না। কারণ সম্প্রতি যেসব বাসে আগুন দেওয়া হয়েছে, সেগুলো অধিকাংশই রাতে রাস্তায় ফাঁকা অবস্থায় ছিল। যাত্রীভর্তি বাস তারা টার্গেট করেনি, বরং ফাঁকা বা পার্ক করা যানবাহনেই আগুন দিয়েছে।”

ডিএমপি কমিশনার আরও বলেন,

“ছাত্র-জনতার সফল অভ্যুত্থানে ৫ আগস্ট আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন যারা সুপরিকল্পিতভাবে নাশকতা করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে জনগণের সহায়তা চাই। ঢাকাবাসী নাশকতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।”

প্রেস ব্রিফিংয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com