জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপির আরও সহায়তা চাইল বাংলাদেশ

জাতিসংঘে রাষ্ট্রদূত নোমান চৌধুরীর আহ্বান; জলবায়ু সহনশীলতা ও আন্তর্জাতিক তহবিলে প্রবেশাধিকার বৃদ্ধিতে জোর।

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াকে টেকসই ও মসৃণ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আরও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (১১ জুন) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বক্তব্যে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, চলতি বছরের জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তিনি উল্লেখ করেন, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউএনডিপির ‘ব্যালট প্রকল্প’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার, সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আইনের শাসন শক্তিশালী করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক অর্থায়নে সহজ প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-সহ বিভিন্ন আন্তর্জাতিক তহবিল থেকে সহায়তা পাওয়ার ক্ষেত্রে ইউএনডিপির কারিগরি সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

এছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রক্রিয়া যাতে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও মসৃণভাবে সম্পন্ন হয়, সে ক্ষেত্রেও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সক্রিয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ জাতিসংঘ এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com