অর্থনীতি বার্তা ডেস্ক
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন তারেক রহমান।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৫ সালে ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্যও সহায়তার হাত বাড়িয়েছিল বিএনপি। তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং সহায়তা পৌঁছে দেন।
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
পাহাড়ি এলাকার সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখা ঋতুপর্ণা চাকমা বর্তমানে দেশের অসংখ্য তরুণী ফুটবলারের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর গৃহ নির্মাণে সরকারি এই সহায়তাকে ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক ও মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
