অর্থনীতি বার্তা ডেস্ক
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারে দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাজারে থাকা দানের তিনটি ডেগে (দানপাত্র) সিলগালা করা হয়েছে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাজারের তিনটি ডেগে সিলগালা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মাজারে থাকা ডেগগুলোতে ভক্তরা দান করলেও অর্থ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এ প্রেক্ষাপটে জেলা প্রশাসন সরাসরি তদারকির উদ্যোগ নিয়েছে।
অভিযানের সময় প্রশাসনের পক্ষ থেকে একটি বড় প্রধান দানবাক্সসহ আরও কয়েকটি ছোট দানবাক্স মাজার প্রাঙ্গণের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়। নতুন দানবাক্সগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যও মোতায়েন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা বলেন, “মাজারে দান সংগ্রহের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরাপদ করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন থেকে সকল দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা নির্ধারিত দানবাক্সে জমা হবে।”
এর আগে গত ১২ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মাজারের সার্বিক ব্যবস্থাপনা, দান সংগ্রহ ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মাজারের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দানের অর্থ যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহারের লক্ষ্যে ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) মাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনকেন্দ্র। প্রতিদিন হাজারো ভক্ত ও দর্শনার্থী এখানে এসে দান ও মানত প্রদান করেন।
