অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
মিনায় হাজিদের সমবেত হওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সোমবার ‘ইয়াওমুত তারবিয়া’ পালনের মাধ্যমে লাখো মুসল্লি ইবাদত-বন্দেগিতে মশগুল হয়েছেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৫ লাখের বেশি হজযাত্রী ইতোমধ্যে মক্কায় পৌঁছেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সৌদি আরবের আরও কয়েক লাখ মুসল্লি।
রাসুল (সা.)-এর সুন্নত অনুসরণ করে হাজিরা তালবিয়া পাঠ করতে করতে মিনার উদ্দেশে রওনা হন। আজ সারাদিন ও রাত মিনায় অবস্থান করবেন তারা।
আগামীকাল ৯ জিলহজ ফজরের পর হাজিরা আরাফাতের ময়দানে যাবেন, যেখানে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন ‘ওকুফে আরাফা’ আদায় করা হবে। সূর্যাস্তের পর তারা মুজদালিফায় রওনা হবেন।
এরপর ১০ জিলহজ পশু কোরবানির মধ্য দিয়ে শুরু হবে পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। হজ শেষে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে ধাপে ধাপে নিজ নিজ দেশে ফিরবেন হাজিরা।
এদিকে হজ চলাকালে মক্কা ও আশপাশের এলাকায় তীব্র গরমের সতর্কতা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। হাজিদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল টিম, কুলিং ফ্যান ও ছায়াযুক্ত বিশ্রামস্থলের ব্যবস্থা করা হয়েছে।
