জুরাইনে আর্জেন্টিনা–জর্ডান ম্যাচ ঘিরে জমজমাট বাজি, জিতলে ভুরিভোজ, হারলে থ্রি-পিস পরে ঘুরবেন সমর্থকরা

0 comments

স্পোর্টস ডেস্ক | অর্থনীতি বার্তা

বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনা, আবেগ, খুনসুটি আর সমর্থকদের উন্মাদনা। সেই আবহে রাজধানীর কদমতলী থানার জুরাইনের মুরাদপুর এলাকায় আর্জেন্টিনা–জর্ডান ম্যাচকে ঘিরে দেখা গেছে ভিন্ন এক আয়োজন। সেখানে ম্যাচের ফলকে কেন্দ্র করে হয়েছে মজার এক বাজি—জিতলে ভুরিভোজ, হারলে থ্রি-পিস পরে পুরো এলাকায় ঘুরতে হবে!

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাসে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও জর্ডান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে ইতোমধ্যেই গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। ফলে ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও সমর্থকদের উত্তেজনায় ছিল না কোনো ঘাটতি।

সকাল থেকেই জুরাইন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে শুরু হয় মজার বাকযুদ্ধ। আর্জেন্টিনা সমর্থকরা বড় ব্যবধানে জয়ের আশা প্রকাশ করলে ব্রাজিল সমর্থকরাও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন।

দুই পক্ষের সমঝোতা অনুযায়ী, আর্জেন্টিনা যদি ৫ গোল বা তার বেশি ব্যবধানে জয় পায়, তাহলে ব্রাজিল সমর্থকরা প্রায় ২০ জন আর্জেন্টিনা সমর্থককে পছন্দমতো খাবার খাওয়াবেন। আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে আর্জেন্টিনা সমর্থকদের থ্রি-পিস পরে পুরো এলাকায় ঘুরতে হবে।

এই ব্যতিক্রমী বাজির খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকে ঘটনাস্থলে ভিড় করে আনন্দ-উৎসবে শামিল হন।

আর্জেন্টিনা সমর্থক রিয়াদ বলেন, “জর্ডানকে আমরা হালকাভাবে নিচ্ছি না। তবে বর্তমান ফর্ম বিবেচনায় বড় জয় সম্ভব। ৫ গোল হলে ভুরিভোজের মেনুও প্রস্তুত।”

আরেক সমর্থক সাকিব বলেন, “ব্রাজিল সমর্থকরা অনেক আত্মবিশ্বাস দেখাচ্ছে। খেলা শেষে দেখা যাবে কার পকেট হালকা হয়। বিরিয়ানি-কাচ্চির প্রস্তুতি রাখতে বলেছি।”

অন্যদিকে ব্রাজিল সমর্থক হৃদয় বলেন, “ফুটবল ৯০ মিনিটের খেলা। আগে ম্যাচ শেষ হোক, তারপর দেখা যাবে কে জেতে।”

আরেক ব্রাজিল সমর্থক রাব্বি মজা করে বলেন, “থ্রি-পিসও প্রস্তুত আছে। আর্জেন্টিনা হারলেই কথা রাখতে হবে।”

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, “খেলা নিয়ে এমন মজার বাজি আগে দেখিনি। সকাল থেকেই পুরো এলাকায় উৎসবের পরিবেশ। ফল যাই হোক, সবাই আনন্দ নিয়ে খেলা উপভোগ করুক।”

এদিকে বড় পর্দায় খেলা দেখার জন্য প্রজেক্টর, চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। দুই দলের সমর্থকরাই খেলা দেখতে এবং একে অপরকে খোঁচা দিতে আগেভাগেই উপস্থিত হয়েছেন।

তবে আর্জেন্টিনা সমর্থকদের একমাত্র দুশ্চিন্তা ছিল অধিনায়ক লিওনেল মেসি শুরুর একাদশে না থাকা। যদিও দল ইতোমধ্যেই নকআউট নিশ্চিত করেছে, তবুও মেসিবিহীন আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে ছিল কৌতূহল।

এখন পুরো মুরাদপুর এলাকায় একটাই আলোচনা—আর্জেন্টিনা কি ৫ গোল দিয়ে ব্রাজিল সমর্থকদের ভুরিভোজের বিল ধরাবে, নাকি ম্যাচ শেষে থ্রি-পিস পরে ঘুরতে হবে আর্জেন্টিনা সমর্থকদের? সেই উত্তর মিলবে ম্যাচের ফলেই।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com