অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। নতুন করে সোনা ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, শনিবার সকালে তাদের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৫৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১৫ মে বাজুস সোনার দাম কমিয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মাত্র একদিনের ব্যবধানে আবারও বড় ধরনের মূল্যহ্রাস এলো বাজারে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে।
এদিকে গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় স্বর্ণ। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
