অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
বৈধ অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগ নিলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ১০ বছর পর্যন্ত সৌদি আরবে পুনঃপ্রবেশ নিষিদ্ধের মতো কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার।
অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই কঠোর হজ বিধিমালা জারি করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদিতে বসবাসরত বিদেশি নাগরিক ও ভিজিটরদের জন্য অনুমতিবিহীন হজ পালনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করেছে সৌদি সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজকে সামনে রেখে সৌদি সরকার কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিধান ভঙ্গকারী বিদেশি বাসিন্দাদের দেশত্যাগে বাধ্য করা হতে পারে এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগে আটক ব্যক্তিদের ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
শুধু অবৈধ হজযাত্রী নয়, যারা তাদের পরিবহন, আবাসন বা অন্য কোনো ধরনের সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ভিত্তিতে শাস্তির পরিমাণ আরও বাড়তে পারে।
এছাড়া অবৈধ হজ কার্যক্রমে ব্যবহৃত যানবাহন আইন অনুযায়ী বাজেয়াপ্ত করার কথাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, কেবল দাপ্তরিকভাবে অনুমোদিত হজযাত্রীরাই মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশ করতে পারবেন। এ নিয়ম সৌদিতে বসবাসরত বিদেশি নাগরিক ও সব ধরনের ভিসাধারীদের জন্য প্রযোজ্য হবে।
জিলকদ মাসের ১ তারিখ থেকে ১৪ জিলহজ পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বৈধ হজ অনুমতি ছাড়া ভিজিট ভিসাধারীরা মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক, বিদেশি বাসিন্দা ও সব ভিসাধারীকে নতুন বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের তথ্য দিতে গুরুত্বপূর্ণ অঞ্চলে ৯১১ এবং অন্যান্য এলাকায় ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধও জানিয়েছে তারা।
