অর্থনীতি বার্তা ডেস্ক
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ মোতায়েন করা হয়েছে।
শরীফুল ইসলাম বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী বিজিবির কার্যক্রম পরিচালিত হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে বিজিবির উপস্থিতি আরও বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আশা করছেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাজধানীতে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।
