যেকোনো উসকানির মুখে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের

0 comments

যেকোনো ধরনের উসকানি ও বিশৃঙ্খলার মুখে বিএনপির নেতা-কর্মীসহ দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব এবং যেকোনো মূল্যে বিশৃঙ্খলা পরিহার করতে হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকায় পৌঁছান। এরপর লাখো নেতাকর্মী ও সমর্থকদের অভিবাদন গ্রহণ করতে করতে বিকেল পৌনে ৪টার দিকে তিনি সংবর্ধনা মঞ্চে ওঠেন। মঞ্চে পৌঁছে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আসন গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। বক্তব্যে তারেক রহমান বলেন, “এই মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং মঞ্চের বাইরে থাকা আরও অনেক জাতীয় নেতার সঙ্গে আমরা সবাই মিলে দেশকে নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উসকানির মুখে আমাদের শান্ত থাকতে হবে।”

তিনি বলেন, “আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই।”

এ সময় তিনি আল্লাহর কাছে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করে বলেন, “আসুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি—যদি আল্লাহ আমাদের ওপর রহমত দান করেন, তবে আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”

তারেক রহমান আরও বলেন, “আমরা যে ধর্মের মানুষই হই, যে শ্রেণি বা যে রাজনৈতিক দলেরই হই, কিংবা নির্দলীয় হই—সবার আগে আমাদের নিশ্চিত করতে হবে দেশের শান্তি-শৃঙ্খলা। যে কোনো মূল্যে বিশৃঙ্খলা পরিত্যাগ করতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের নিশ্চিত করতে হবে যেন দেশের মানুষ নিরাপদে থাকতে পারে—শিশু, নারী, পুরুষ; যে কোনো বয়স, যে কোনো শ্রেণি, যে কোনো পেশা ও যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে—এই হোক আমাদের প্রত্যাশা।”

বক্তব্যের শেষাংশে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সবাই মিলে আজ প্রতিজ্ঞাবদ্ধ হই—সবাই মিলে করবো কাজ, গড়বো মোদের বাংলাদেশ।”

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com