অর্থনীতি বার্তা | অনলাইন ডেক্স
সারাদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২০৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার দুপুর ২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মঈনুল আহসান জানিয়েছেন, “সব হাসপাতালে জরুরি বার্তা দেওয়ার হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হচ্ছে।”
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। টেলিফোনে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোর বিভিন্ন হাসপাতালে আহত রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঢাকার হাসপাতালের পরিস্থিতি
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ: ভূমিকম্পে ৩ জন মারা গেছেন। নিহতদের একজন প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ১০ জন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক): ১৮ জন আহত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও রোগী আসতে পারেন।
ঢাকার বাইরে হাসপাতালের অবস্থা
তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর: ৭২ জন আহত, এর মধ্যে ৪৯ জন ভর্তি ও ২৩ জন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫৩ জন চিকিৎসা নিয়েছেন, ৬ জনকে রেফার করা হয়েছে এবং ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
নরসিংদী জেলা হাসপাতাল: ৪৫ জন আহত, ৩ জনের অবস্থা গুরুতর, তাদের ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। এছাড়া, ১০০ শয্যার হাসপাতালে ১০ জন আহত ভর্তি রয়েছেন।
ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফ দিয়েছেন, সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করেছেন বা ভিড়ে চাপা পড়েছেন, যার ফলে আঘাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে।
