অর্থনীতি বার্তা ডেস্ক
বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
শেহবাজ শরীফ বলেন, “পাকিস্তানের জনগণের পক্ষ থেকে আমি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি। আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তা কামনা করছি।”
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা এবং পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব জেলায় বন্যা ও পাহাড়ধসে মোট ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বহু মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশে চলমান এই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে শোক ও সংহতি প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বার্তাও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সহমর্মিতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।
