অর্থনীতি বার্তা ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনে যাবেন এবং আগামী ২৬ জুন দেশে ফিরবেন।
সফরসূচি অনুযায়ী, রোববার বিকেল পৌনে ৩টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। স্থানীয় সময় রাত পৌনে ৮টায় কুয়ালালামপুরে পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এছাড়া সাংস্কৃতিক বিনিময় এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি দলিল সই হওয়ারও সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এ সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
তিনি বলেন, মালয়েশিয়া বর্তমানে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করছে। এই পর্যালোচনা সম্পন্ন হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ঢাকা আশাবাদী। এ বিষয়ে মালয়েশিয়া সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে।
পররাষ্ট্র সচিব আরও বলেন, মালয়েশিয়া ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এছাড়া আসিয়ান অঞ্চলে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে আগ্রহী এবং এ ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা করে।
রোহিঙ্গা সংকট মোকাবিলায়ও মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম শক্তিশালী আন্তর্জাতিক সমর্থক উল্লেখ করে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় স্থান পাবে।
মালয়েশিয়া সফর শেষে সোমবার বিকেল ৩টায় চীনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নদী ব্যবস্থাপনা এবং তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের অর্থনীতি, শ্রমবাজার, বাণিজ্য এবং কৌশলগত আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
