তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়, সম্মাননা পেলেন নুরুননাহার নিম্নি

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন। এই কৃতিত্বের অধিকারী হয়েছেন নুরুননাহার নিম্নি, যিনি পেশাগত জীবনে একজন ব্যাংকার।

এভারেস্ট জয়ের এই অসাধারণ সাফল্যের জন্য তাকে সম্মাননা দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ‘শিখরজয়ীর সম্মানে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্গম হিমালয়ের প্রতিকূল আবহাওয়া ও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান নুরুননাহার নিম্নি। নিজের এই অর্জন সম্পর্কে তিনি বলেন, “এ যাত্রা কখনো সহজ ছিল না।”

জানা গেছে, চলতি বছরের ১৭ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নিম্নি। সেখান থেকে চারটি ক্যাম্প অতিক্রম করে চূড়ার পথে এগোতে হয় তাকে। বৈরী আবহাওয়ার কারণে কয়েকবার নিচের ক্যাম্পে ফিরে যেতে হলেও তিনি হাল ছাড়েননি। অবশেষে ২৭ মে ভোর ৫টা ২৪ মিনিটে (নেপাল সময়) বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি।

পেশাগত জীবনে নুরুননাহার নিম্নি পূবালী ব্যাংকের জেনারেল ব্যাংকিং বিভাগের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। তার এভারেস্ট অভিযানের প্রধান পৃষ্ঠপোষকও ছিল পূবালী ব্যাংক।

সম্মাননা অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “নিম্নির এই ঐতিহাসিক অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো দেশের জন্য গর্বের। নারীর ক্ষমতায়ন, সাহস ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।”

রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে চন্দ্রনাথ পাহাড়ে ফিল্ডওয়ার্কে অংশ নেওয়ার মধ্য দিয়েই পাহাড়ের প্রতি তার ভালোবাসার শুরু। এরপর চাকরির পাশাপাশি ভারত, ভুটান ও নেপালসহ বিভিন্ন দেশের দুর্গম পর্বতশৃঙ্গে আরোহণ করেন তিনি।

নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে নিম্নি বলেন, “আমার বিশ্বাসই আমাকে শিখরে পৌঁছে দিয়েছে। যাত্রাপথে বহুবার মনোবল হারানোর উপক্রম হয়েছিল, কিন্তু ইচ্ছাশক্তি কখনো হারাইনি। অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব।”

উল্লেখ্য, ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে শীর্ষে পৌঁছান ওয়াসফিয়া নাজরীন। এরপর দীর্ঘ ১৪ বছর পর তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়লেন নুরুননাহার নিম্নি।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com