অর্থনীতি বার্তা ডেস্ক
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, বেসরকারি মোবাইল অপারেটরদের একচেটিয়া আধিপত্য রোধ এবং টেলিযোগাযোগ বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে টেলিটককে সরকারের নিয়ন্ত্রণে রাখা হবে।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, “টেলিটককে আমাদের বাজারে রাখতেই হবে।” প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নে সরকার অর্থায়নের চেষ্টা করছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম বলেন, মেয়াদ শেষে অব্যবহৃত মোবাইল ডেটা কেটে নেওয়ার বিষয়টি নিয়ে সরকারও উদ্বিগ্ন। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে কলড্রপ কমিয়ে গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় অপারেটরদের ওপর নজরদারি ও চাপ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশব্যাপী ৫জি সেবা সম্প্রসারণের লক্ষ্যে অপারেটরদের প্রযুক্তি-নিরপেক্ষ লাইসেন্স দেওয়া হয়েছে। ২০২৭ সালে ৩ দশমিক ৫ গিগাহার্জ ব্যান্ডে নতুন স্পেকট্রাম অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, ‘ডিজিটাল সংযোগ স্থাপন’ প্রকল্পের আওতায় সারাদেশে ১ লাখ ৯ হাজার ব্রডব্যান্ড সংযোগ স্থাপনের কাজ চলছে। এর মধ্যে ইতোমধ্যে ৫৭ হাজার প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হয়েছে।
চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আবদুল হান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে এক হাজার জনকে উচ্চতর প্রশিক্ষণ দিয়ে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি দুই লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করা হবে।
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, তরুণদের পর্নোগ্রাফি ও বিভিন্ন নেতিবাচক আসক্তি থেকে দূরে রাখতে ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, দেশের অধিকাংশ ডাকঘরের অবকাঠামো জরাজীর্ণ। সেগুলো পর্যায়ক্রমে সংস্কার ও আধুনিকায়নের কাজ চলছে।
এছাড়া বিটিআরসির কর্মকর্তাদের অতিরিক্ত সম্মানী গ্রহণের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারকে আশ্বাস দেন তিনি।
সিলেট সীমান্তবর্তী এলাকায় মোবাইল নেটওয়ার্ক সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী নতুন টাওয়ার স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
