অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আজহায় কম-বেশি সবাই গরুর মাংস খেয়ে থাকেন। তবে অতিরিক্ত মাংস খাওয়ার পর কিছু খাবার খেলে তা শরীরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন পুষ্টিবিদরা। বিশেষ করে গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিটি খাবারেরই নিজস্ব হজম প্রক্রিয়া ও নির্দিষ্ট সময় রয়েছে। গরুর মাংস এবং দুধ—উভয় খাবারেই উচ্চমাত্রার প্রোটিন থাকে, যা হজম হতে তুলনামূলক বেশি সময় নেয়। ফলে মাংস খাওয়ার পরপরই দুধ বা দুধজাত খাবার গ্রহণ করলে পরিপাকতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
পুষ্টিবিদদের ভাষ্য অনুযায়ী, এই দুই ধরনের উচ্চ প্রোটিনযুক্ত খাবার একসঙ্গে বা খুব অল্প ব্যবধানে খেলে বদহজম, পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অস্বস্তি ও আলসারের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে ত্বকের সমস্যা কিংবা অ্যালার্জির ঝুঁকিও বাড়তে পারে।
তাই কোরবানির ঈদে গরুর মাংস খাওয়ার পরপরই পায়েস, ফিরনি, পুডিং, আইসক্রিমসহ দুধের তৈরি মিষ্টান্ন খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, গরুর মাংস বা যেকোনো লাল মাংস খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া তুলনামূলক নিরাপদ।
এছাড়া ভুলবশত একসঙ্গে খেয়ে ফেললে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করতে পারে।
