অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল কক্সবাজার সফর করেছে। বুধবার (৬ মে) দিনব্যাপী এই সফরে তারা উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেন এবং সেখানে চলমান মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সফরকালে প্রতিনিধিদল বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন। তারা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর খাদ্য বিতরণ কেন্দ্র, রোহিঙ্গা শিশুদের বিদ্যালয়, ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) পরিচালিত একটি হাসপাতাল এবং কুতুপালংয়ে রোহিঙ্গা নারীদের পরিচালিত একটি ইউনিক্লো প্ল্যান্ট পরিদর্শন করেন।
এ সময় প্রতিমন্ত্রী শিবিরে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের নির্বাচিত প্রতিনিধি, যুব ও নারী সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সহানুভূতির সঙ্গে তাদের বক্তব্য শোনেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ও মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।
বিকেলে প্রতিমন্ত্রী কক্সবাজার-এ অবস্থিত আরআরআরসি কার্যালয়ে আয়োজিত এক অংশীজন পরামর্শ সভায় অংশগ্রহণ করেন। সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, নিরাপত্তা সংস্থা, জাতিসংঘ, দেশীয় ও আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা সংশ্লিষ্ট সকল সংস্থা ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং কক্সবাজার সফরের কার্যক্রম ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকারের নীতিগত অগ্রাধিকার তুলে ধরেন। তিনি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রোহিঙ্গা সংকটকে আরও জোরালোভাবে তুলে ধরতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর রোহিঙ্গা শিবির পরিদর্শনে পররাষ্ট্র দপ্তরের এটি প্রথম উচ্চপর্যায়ের সফর।
