অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে সেখানে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বেলা ১১টা ৫০ মিনিটের দিকে দুটি ট্রাকে করে দুইটি এক্সকাভেটর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল ছাত্র-জনতা শেখ মুজিবুর রহমানের বিধ্বস্ত বাড়ি ভাঙার উদ্দেশ্যে এক্সকাভেটর আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় বা সংগঠনগত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রবেশমুখে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে এক্সকাভেটরগুলোর প্রবেশ আটকে দেয়। পরে সেগুলো পাশের মেট্রো শপিং মলের সামনে রাখা হয়। এ সময় বিক্ষুব্ধরা ব্যারিকেড অতিক্রম করে ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। ছাত্র-জনতার পক্ষ থেকে মাইকে বলা হয়—
“প্রশাসন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। সময় হলে প্রশাসনই আমাদের ভেতরে ঢুকতে দেবে। আমরা ব্যারিকেড ভাঙবো না।”
এর মধ্যে বিক্ষুব্ধরা শেখ হাসিনার দুটি কুশপুতুল পোড়ায় এবং স্লোগান দিতে থাকে—
“একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”,
“ধানমন্ডি ৩২ ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মানবঢাল হিসেবে অবস্থান নেয়। এখনো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
