বিশ্বকাপের গ্রুপ ‘জে’র দ্বিতীয় ম্যাচে আগামীকাল (রবিবার) বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রিয়ার মিডফিল্ডার কনরাড লাইমার।
ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে লাইমার বলেন, “আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, তাই তারাই বিশ্বের সেরা দল। আর মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তার মতো ফুটবলারের বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ অভিজ্ঞতা। এতে নিজেদের অবস্থান ও সামর্থ্যও যাচাই করা যায়।”
তিনি আরও বলেন, “আর্জেন্টিনা অত্যন্ত মানসম্পন্ন একটি দল। তবে আমরাও আমাদের সামর্থ্য দেখাতে চাই। গ্রুপ পর্ব থেকে উত্তীর্ণ হতে হলে শুধু এই ম্যাচ নয়, বাকি ম্যাচগুলোও সমান গুরুত্বপূর্ণ।”
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রিয়া। ফলে শেষ ৩২ নিশ্চিত করতে তাদের সামনে রয়েছে উজ্জ্বল সুযোগ। দলটির বিশ্বাস, কোচ রাল্ফ রাংনিকের অধীনে তারা যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম।
লাইমার বলেন, “আমাদের সবচেয়ে বড় শক্তি হলো দলগত ঐক্য। সবাই জাতীয় দলের হয়ে জিততে চায় এবং ভালো ফুটবল খেলতে চায়। মাঠের ভেতরে ও বাইরে আমাদের বোঝাপড়া চমৎকার। কোচের নির্দিষ্ট পরিকল্পনা ও নিজস্ব খেলার ধরণ রয়েছে, যা আমরা সফলভাবে অনুসরণ করছি।”
২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য এটি প্রথম বিশ্বকাপ। একই সঙ্গে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে অস্ট্রিয়া। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত লাইমার বলেন, “বিশ্বকাপে অংশ নেওয়া যেকোনো ফুটবলারের জন্য বিশেষ অর্জন। জাতীয় দলের জার্সিতে এমন বড় মঞ্চে খেলতে পারা সত্যিই গর্বের।”
ডেভিড আলাবা, মার্সেল সাবিৎসার এবং মার্কো আরনাউটোভিচের মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া অস্ট্রিয়া স্কোয়াড এবার বিশ্বকাপে চমক দেখাতে প্রস্তুত। আগ্রাসী প্রেসিং এবং দ্রুতগতির ফুটবলের মাধ্যমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলাই এখন তাদের লক্ষ্য।
